দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯

সংগৃহীত ছবি
ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন অন্তত ৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ রবিবার ভোরে অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় দমকলের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ভোর ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১৪টি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরু করে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ তলায়।
কর্মকর্তারা আরও জানান, ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শাহদারা অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন, ভোরে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার পর তল্লাশি অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মরদেহগুলো দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় এক বাসিন্দার দাবি, এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি জানিয়েছেন, ১২-১৫ জনকে উদ্ধার করা হলেও এখনো থাকতে পারেন কয়েকজন নিখোঁজ।
আরেক বাসিন্দার ভাষ্য, দুটি পরিবার এখনো ভবনের ভেতরে আটকে থাকতে পারে। তার মতে, দমকলের কর্মীরা বারান্দা ব্যবহার করে প্রায় ২০ জনকে উদ্ধার করেছেন, তবে পেছনের দিকের কিছু ফ্ল্যাটের বাসিন্দারা তখনো বের হতে পারেননি।
সূত্র: এনডিটিভি



