জ্যোতি বসু থেকে মমতা, পশ্চিমবঙ্গের ক্ষমতায় কে কতদিন ছিলেন?

সাবেক মুখ্যমন্ত্রীর জ্যোতি বসুর সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার ভোট। শেষ খবর পাওয়া পর্যন্ত, ১৮৭ আসনে এগিয়ে আছে বিজেপি।
অন্যদিকে, বেশ খানিকটা পিছিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এর ফলে কলকাতায় মমতার ১৫ বছরের শাসন শেষ হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, শুভেন্দু অধিকারী হতে পারেন রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী।
১৯৪৭ সালে দেশভাগের পর থেকে এখন পর্যন্ত মোট আট জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে একটানা ২৩ বছর জ্যোতি বসু রাজ্যটি শাসন করেছেন।
১৯৭৭ সালের নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র নেতৃত্বে বামফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে এবং মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। দীর্ঘ সময় মুখ্যমন্ত্রিত্বের এটি একটি সর্বভারতীয় রেকর্ড ছিল। পরে ২০১৮ সালে সিক্কিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং প্রথম এই রেকর্ড ভাঙতে সক্ষম হন।
২০১১ সালের নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) বামফ্রন্টকে পরাজিত করে। ওই বছরই ১৯ মে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনিই রাজ্যের বর্তমান তথা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি শাসন করেছেন ১৫ বছর।
ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে ১৯৪৮ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ডা. বিধানচন্দ্র রায়। ১৯৬২ সাল পর্যন্ত টানা ১৪ বছর এ দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, দশবছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর পদত্যাগের পর তার উত্তরসূরি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী এক দশক রাজ্যের কমিউনিস্ট সরকারের নেতৃত্ব দেন।
কংগ্রেসের প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি মাত্র পাঁচ মাস ওই পদে আসীন ছিলেন।
১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত রাজ্যে মোট চারটি জোট সরকার গঠিত হয় এবং মোট তিনবার সীমিত সময়ের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়। এরপর সিদ্ধার্থশঙ্কর রায়ের মুখ্যমন্ত্রিত্বে কংগ্রেস পাঁচ বছরের পূর্ণ মেয়াদে পশ্চিমবঙ্গে সরকার পরিচালনা করে।



