বিএসএফ সদর দপ্তরের ঠিক সামনেই ভয়াবহ বিস্ফোরণ

পাঞ্জাবে অবস্থিত বিএসএফ সদর দপ্তরের বাইরেই স্কুটার বিস্ফোরণ হয়েছে। ছবি : এক্স
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদর দপ্তরের একেবারে কাছে দাঁড়িয়ে থাকা একটি স্কুটারে আচমকা বিস্ফোরণ ঘটেছে। যার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাঞ্জাবের জলন্ধরে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিএসএফ সদর দপ্তরের একেবারে সামনেই হয়েছে এটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই স্কুটারটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়।
স্থানীয়রা জানিয়েছে, বিস্ফোরণের ঘটনা শোনামাত্র ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
এরই মধ্যে স্কুটারটির মালিককে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



