নির্বাচন-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪

সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচনে বিজয় উদযাপনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন চারজন। বুধবার পুলিশ ও দলীয় কর্মকর্তারা জানিয়েছেন এ তথ্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১০ কোটির বেশি জনসংখ্যার এই গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় রাজ্যে অর্জন করেছে বিপুল জয়। সোমবার ঘোষিত ফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয়ী হয়েছে দলটি। পশ্চিমবঙ্গে এটাই তাদের প্রথম বিজয়।
২০১১ সাল থেকে রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন মোদির কড়া সমালোচক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়।
আঞ্চলিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আসনেও পরাজিত হয়েছেন। নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন তিনি।
পুলিশ জানায়, সোমবার ফল ঘোষণার পর রাজ্যের রাজধানী কলকাতায় প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, মূলত বাংলা ভাষাভাষী এই রাজ্যে বিজেপির জয় ২০১৪ সালে মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে অন্যতম বড় সাফল্য।
এর মাধ্যমে ভারতের উত্তর ও মধ্যাঞ্চলের হিন্দিভাষী ছাড়িয়ে আরও বিস্তৃত হলো দলটির প্রভাব।
বিজেপি জানিয়েছে, দুই কর্মী নিহত হয়েছেন তাদের।
অন্যদিকে টিএমসি বলছে, পিটিয়ে হত্যা করা হয়েছে তাদের দুই কর্মীকে।
বিজেপির রাজ্য নেতা শমীক ভট্টাচার্য এএফপিকে বললেন, ‘সোমবার ফল ঘোষণার পর আমাদের দুই কর্মী নিহত হয়েছেন।’
তিনি দাবি করেন, তার দল ‘শান্তির পক্ষে’।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে টিএমসি তাদের দুই কর্মীর ‘নৃশংস হত্যাকাণ্ডের’ অভিযোগ তোলে।
দলের মুখপাত্র নরেন্দ্রনাথ চক্রবর্তী এএফপিকে বলেছেন, ‘আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়।’
তিনি বলেছেন, ‘নিহতদের দুজনই তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মী।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সংঘর্ষে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় গুলি লাগে এক পুলিশ কর্মকর্তার পায়ে।



