পর্তুগাল
আইমার জন্য বরাদ্দ ২৮ মিলিয়ন ইউরো

পর্তুগালের অভিবাসী কার্যক্রমে সময় ও জটিলতা কমাতে এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলামকে (আইমা) ২৮ মিলিয়ন ইউরো দিয়েছে দেশটির সরকার। অভিবাসীদের সামাজিক সংহতি বাড়াতে আইমাকে দেয়া হয়েছে এ বাজেট।
এর ফলে আগামী তিন বছর সামাজিক-সাংস্কৃতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাজের গতি বাড়াবে সংস্থাটি।
গত বছরের সেপ্টেম্বরে অনুমোদিত ২০.৫ মিলিয়ন ইউরোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে এ বিনিয়োগ। ফলে মাঠ পর্যায়ে কর্মরত বেসরকারি সংস্থার সঙ্গে সুসংহত হবে অংশীদারিত্ব।
পাশাপশি মন্ত্রী পরিষদে হয়েছে বহুবর্ষীয় ব্যয় অনুমোদনের সংশোধনীর অনুমোদন। এ সংশোধনীর ফলে ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে এই বাড়তি বাজেট।
মূলত ব্যক্তিগত সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অভিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও সামাজিক একীকরণে কাজ করবে আইমা।
এ পদক্ষেপের মাধ্যমে দেশে বসবাসরত অভিবাসীদের কাজের পরিবেশ উন্নত এবং আইনি প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পর্তুগাল সরকার এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।



