আগামীর সময়

ইসরায়েলের প্রতি ভারতের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে: মোদি

ইসরায়েলের প্রতি ভারতের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে: মোদি

নেসেটের স্পিকার আমির ওহানা ২৫ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নেসেটের নতুন পদক প্রদান করেছেন।

 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ইসরায়েলের প্রতি তার দেশের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে। ইসরায়েল সফরকালে বুধবার দেশটির সংসদ নেসেটে দেওয়া ভাষণে তিনি এ অবস্থান স্পষ্ট করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। ওই হামলার জেরে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা দুই বছরের বেশি সময় ধরে চলমান রয়েছে।

ভাষণে মোদি হামাসের হামলার কঠোর সমালোচনা করলেও গাজায় ইসরায়েলি অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

দুই দিনের সফরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) তেল আবিব পৌঁছান তিনি। সফরের অংশ হিসেবে অধিকৃত জেরুজালেমে অবস্থিত নেসেটে বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

‘৭ অক্টোবর হামাসের নৃশংস সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন এবং যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই’, নেসেটে বলেছেন মোদি। 

বিশ্বব্যাপী সন্ত্রাস মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন মোদি। তার ভাষায়, ‘সন্ত্রাসবাদ বিশ্বের যেখানেই ঘটুক না কেন, তা সর্বত্র শান্তির জন্য হুমকি। তাই টেকসই শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক উদ্যোগগুলোকে ভারত সমর্থন করে।’

আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ আব্রাহাম চুক্তির প্রতিও সমর্থন ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি গাজা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার পক্ষেও অবস্থান ব্যক্ত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।


এ সময় তাকে নেসেটের স্পিকার আমির ওহানা নেসেটের নতুন পদক প্রদান করেছেন।


সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

    শেয়ার করুন: