যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনায় আগ্রহী নয়।
গতকাল সোমবার পিবিএস নিউজ আওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলে ইরানি এই কূটনীতিবিদ।
আরাঘচি বলেছেন, আমি মনে করি না আমেরিকানদের সঙ্গে কথা বলা বা আমেরিকানদের সঙ্গে আলোচনার বিষয়টি আবারও টেবিলে আসবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, আলোচনার মাঝখানে বারবার আক্রমণ করে যুক্তরাষ্ট্র ভবিষ্যতের আলোচনার সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে। প্রথমে তারা গত বছর জুনে হামলা চালিয়েছিল, এবার ফেব্রুয়ারিতে হামলা করল।
আরাঘচি বলেছেন, এই বছর তারা আমাদের বোঝানোর চেষ্টা করেছিল যে এবারের সময়টা আলাদা। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের উপর আক্রমণ করার তাদের কোনো ইচ্ছা নেই। কিন্তু তারা ঠিকই হামলা করেছে। তাই আমি মনে করি না আমেরিকানদের সঙ্গে আলোচনা আর আমাদের এজেন্ডায় থাকবে।
তার দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল অস্থিতিশীল হয়েছে বলে দাবি করেছেন ইরানের এই কূটনীতিক। তিনি বলেছেন, এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা শুধু আত্মরক্ষা করছি। আমরা একটি অবৈধ আগ্রাসন মোকাবিলা করছি।
প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়ে ইরানের এই কূটনীতিক আরও বলেছেন, আমরা এই অঞ্চলের সবাইকে সতর্ক করে দিয়েছিলাম যে, যদি আমেরিকা আমাদের আক্রমণ করে, যেহেতু আমরা আমেরিকার মাটিতে পৌঁছাতে পারছি না, তাহলে আমাদের এই অঞ্চলে তাদের ঘাঁটি, তাদের সুযোগ-সুবিধা, স্থাপনা, তাদের সম্পদের ওপর আক্রমণ করতে হবে। ফলস্বরূপ, যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। সুতরাং এগুলোই আমাদের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের পরিণতি। এর জন্য আমরা দায়ী নই।
সূত্র : জেরুজালেম পোস্ট

