৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে ইরান-যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে হরমুজ প্রণালির উত্তেজনা কমিয়ে আনতে এবং ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার জন্য একটি কাঠামো তৈরির জন্য কাজ করছে। এজন্য দুইপক্ষই আপাতত একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা করছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এক পৃষ্ঠার সমঝোতা স্মারকটি দীর্ঘদিনের সামুদ্রিক ও কূটনৈতিক অচলাবস্থার সমাধানে সম্ভাব্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন থেকে এ স্মারকটির খসড়া তৈরি করা হয়েছে।
বর্তমান প্রস্তাবের মূল বিষয় হলো পারস্পরিক নৌ অবরোধ শিথিল করা। এক্ষেত্রে ইরানকে হরমুজ প্রণালিতে তার নিয়ন্ত্রণ ও সামরিক উপস্থিতি শিথিল করতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে তার নৌ-অবরোধ ধীরে ধীরে তুলে নিতে শুরু করবে।
এই পদক্ষেপগুলো ৩০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে, যার উদ্দেশ্য হলো বৃহত্তর আলোচনা শুরু করার জন্য যথেষ্ট আস্থা তৈরি করা।
উভয়পক্ষের মধ্যে একাধিক খসড়া বিনিময় করা হলেও কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। বেশ কিছু সংবেদনশীল বিষয় এখনও অমীমাংসিত রয়েছে।
এখানে একটি প্রধান বাধা হলো, হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরানের টোল আরোপের দাবি। যা যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে বাধা দিয়ে আসছে।
নতুন সমঝোতা স্মারকে ইরানের পারমাণবিক কর্মসূচির উল্লেখ আছে। এখানে আপাতত এটি অতটাও গুরুত্ব পাচ্ছে না।
আশা করা হচ্ছে, একটি পারমাণবিক চুক্তির জটিল প্রযুক্তিগত খুঁটিনাটি বিষয়গুলো প্রাথমিক ৩০ দিনের মেয়াদে চূড়ান্ত করা হবে।



