ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত

সংগৃহীত ছবি
ইরাকে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ সামরিক অভিযানের মধ্যেই এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, একটি মার্কিন বোয়িং কেসি–১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিবৃতিতে বলা হয়, অপারেশন ‘এপিক ফিউরি’ চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে। একটি কেসি–১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান হারানোর বিষয়টি তারা নিশ্চিত করেছে এবং ক্রুদের উদ্ধারে তৎপরতা চলছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। তবে বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ঘটনাটিতে সম্ভবত দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি বিধ্বস্ত হলেও অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা ভুলবশত নিজেদের গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) ঘটেনি।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও ১৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত আটজনের অবস্থা গুরুতর।
এর আগে যুদ্ধ শুরুর পরদিন ১ মার্চ যুক্তরাষ্ট্রের তিনটি এফ–১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। পরে জানানো হয়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত ছোড়া গুলিতে সেগুলো ভূপাতিত হয়েছিল।
সেই ঘটনায় বিমানে থাকা ছয়জন ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং পরে উদ্ধার করা হয়। সূত্র: আল-জাজিরা।

