মধ্যপ্রাচ্য সংকট
হরমুজ প্রণালির দখল নিয়ে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, ছয়টি ছোট ইরানি সামরিক জাহাজ ধ্বংস করেছে তারা। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইউএই জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘বর্তমানে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মোকাবিলা করছে’।
- ৬ ঘণ্টা আগে(১৫:৫৯)

শেলের মালিকানাধীন একটি পেট্রোল পাম্প। ছবি : নিউজিল্যান্ড হেরাল্ড
যুদ্ধের লাভ ঘরে তুলছে শেল
চলতি বছরের প্রথম তিনমাসে নিট মুনাফা ১৯ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে।
তেল বাণিজ্যের জায়ান্ট শেল তাদের আয় বিবরণীতে জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে কর-পরবর্তী মুনাফা ৪.৭৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে জানুয়ারি-মার্চ মাসে ৫.৬৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
সংস্থাটির প্রধান নির্বাহী (সিইও) ওয়ায়েল সাওয়ান বলেছেন, বৈশ্বিক জ্বালানি বাজার এই তিন মাসে নজিরবিহীন অস্থিরতায় ছিল। পরিচালনগত কর্মক্ষমতার ওপর আমাদের নিরলস মনোযোগের ফলেই শেল ভাল ফলাফল অর্জন করেছে।সূত্র : আলজাজিরা
- ৭ ঘণ্টা আগে(১৫:২০)
হিজবুল্লাহর এলিট ইউনিটের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
গত বুধবার বৈরুতের দক্ষিণ অঞ্চলে এক বিমান হামলায় হিজবুল্লাহর এলিট ইউনিট রাদওয়ানের কমান্ডার আহমদ বালুত নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলের। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এমনটা দাবি করেছে।
বিবৃতিতে দাবি করা হয়, তারা নাসের ইউনিটের গোয়েন্দা বিভাগের প্রধান মুহাম্মদ আলী বাজ্জি এবং হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা পর্যবেক্ষণ কর্মকর্তা হুসেইন হাসান রোমানিকেও হত্যা করেছে।
হিজবুল্লাহর শক্তিমত্তার পেছনে তাদের মিত্র ইরানের ব্যাপক আর্থিক ও সামরিক সহযোগিতার অবদান রয়েছে। ১৯৮২ সালে এই গোষ্ঠী গঠনে গঠনমূলক ভূমিকা আছে ইরানের। এমনকি গঠনের পরেও হিজবুল্লাহর সঙ্গে একযোগে কাজ করে আসছে তেহরান।সূত্র: আল জাজিরা
- ৭ ঘণ্টা আগে(১৫:১০)

ফাইল ছবি
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে যা জানাল পাকিস্তান
যুদ্ধ শেষ করার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির ইঙ্গিতকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।
আজ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থায়ী শান্তির জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির সম্ভাবনাকে স্বাগত জানায় ইসলামাবাদ।
তবে এই পর্যায়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করবে না বলে জানিয়েছে পাকিস্তান।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মধ্যস্থতাকারী হিসেবে আমরা বিস্তারিত তথ্য প্রকাশ করে উভয় পক্ষের আস্থা ভঙ্গ করব না।
দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য কোন দেশ সম্ভাব্য প্রতিনিধিদলকে আতিথ্য দেবে সে বিষয়ে কোনো তথ্য না থাকলেও মন্ত্রণালয় বলেছে, এটি ইসলামাবাদে হলে পাকিস্তানের জন্য সম্মানের বিষয় হবে।সূত্র: আলজাজিরা
- ৯ ঘণ্টা আগে(১৩:০২)

৬ই মে ইরানের তেহরানের একটি রাস্তায় ম্যুরালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ইরানি নারী। ছবি : রয়টার্স
হরমুজ অবশ্যই ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে, বিদেশি বাহিনী অঞ্চল ছাড়তে হবে : রেজাই
হরমুজ অবশ্যই ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে এবং বিদেশি বাহিনীকে পুরো অঞ্চলটি ছাড়তে হবে বলে হুশিয়ারি দিয়েছেন আইআরজিসির (ইসলামিক বিপ্লবী গার্ডস কোর) সাবেক এক কর্মকর্তা।
আইআরজিসির সাবেক কমান্ডার এবং ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের বর্তমান সদস্য মোহসেন রেজাই এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ।
রেজাই বলেছেন, ইরান পারমাণবিক বিষয় নিয়ে কারও সঙ্গে আলোচনা করবে না এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অবশ্যই ইরানের হাতে থাকতে হবে।
তিনি সতর্ক করেন, যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাত থেকে চলে যায়, তবে শত্রু আবারও এটিকে ইরান ও তার জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে।
তিনি স্পষ্ট করেন, ইরানে অবশ্যই তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে হবে; বিদেশি শক্তি—সেটি আমেরিকান হোক বা ইউরোপীয়—তাকে অবশ্যই চলে যেতে হবে।সূত্র : আলজাজিরা
- ১০ ঘণ্টা আগে(১২:০১)

ছবি: রয়টার্স
ট্রাম্পের দাবি যুদ্ধ শেষ হবে দ্রুত, ইরান বলছে, বিবেচনা করছি
ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে, এমন ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান বলছে, যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।
ট্রাম্পের দাবি, ইরানের যুদ্ধ দ্রুত শেষ হবে এবং অধিকাংশ মানুষ তার লক্ষ্যকে বোঝেন। এটা হলো তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার লাগাম টেনে ধরা।মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবর, হোয়াইট হাউসের বিশ্বাস, ইরানের সঙ্গে একটি ১৪ দফা সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে তারা।
এদিকে মার্কিন এই দাবিকে দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ এক সংসদ সদস্য।অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে মতামত জানাবে তেহরান।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকটি ১৪ দফা সংবলিত একটি এক পাতার নথি। এটি ভবিষ্যতের বিস্তৃত পারমাণবিক আলোচনার কাঠামো তৈরি করতে পারে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।সূত্র: বিবিসি
- ১১ ঘণ্টা আগে(১১:৩৬)
৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে ইরান-যুক্তরাষ্ট্র : রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে হরমুজ প্রণালির উত্তেজনা কমিয়ে আনতে এবং ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার জন্য একটি কাঠামো তৈরির জন্য কাজ করছে। এজন্য দুইপক্ষই আপাতত একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা করছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এক পৃষ্ঠার সমঝোতা স্মারকটি দীর্ঘদিনের সামুদ্রিক ও কূটনৈতিক অচলাবস্থার সমাধানে সম্ভাব্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন থেকে এ স্মারকটির খসড়া তৈরি করা হয়েছে।
বর্তমান প্রস্তাবের মূল বিষয় হলো পারস্পরিক নৌ অবরোধ শিথিল করা। এক্ষেত্রে ইরানকে হরমুজ প্রণালিতে তার নিয়ন্ত্রণ ও সামরিক উপস্থিতি শিথিল করতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে তার নৌ-অবরোধ ধীরে ধীরে তুলে নিতে শুরু করবে।
এই পদক্ষেপগুলো ৩০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে, যার উদ্দেশ্য হলো বৃহত্তর আলোচনা শুরু করার জন্য যথেষ্ট আস্থা তৈরি করা।
উভয়পক্ষের মধ্যে একাধিক খসড়া বিনিময় করা হলেও কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। বেশ কিছু সংবেদনশীল বিষয় এখনও অমীমাংসিত রয়েছে।
এখানে একটি প্রধান বাধা হলো, হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরানের টোল আরোপের দাবি। যা যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে বাধা দিয়ে আসছে।
নতুন সমঝোতা স্মারকে ইরানের পারমাণবিক কর্মসূচির উল্লেখ আছে। এখানে আপাতত এটি অতটাও গুরুত্ব পাচ্ছে না।
আশা করা হচ্ছে, একটি পারমাণবিক চুক্তির জটিল প্রযুক্তিগত খুঁটিনাটি বিষয়গুলো প্রাথমিক ৩০ দিনের মেয়াদে চূড়ান্ত করা হবে।সূত্র: রয়টার্স
- ১১ ঘণ্টা আগে(১০:৪১)

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
আলোচনার মধ্যে পেছন থেকে ছুরি মেরেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের
আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র পেছন থেকে ছুরি মেরেছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয় এ তথ্য।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতির পথকে করে তুলেছে কঠিন। তারা কথায় কথায় হুমকি দেয়, চেষ্টা করে চাপ দেওয়ার এবং ভয় দেখায় নিষেধাজ্ঞার। ফলে তেহরান বিশ্বাস করে না যুক্তরাষ্ট্রকে।
ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসেছে দুইবার। উভয় ক্ষেত্রেই আলোচনা চলাকালে ইরানের বিরুদ্ধে চালানো হয়েছে সামরিক আগ্রাসন। এ ধরনের আচরণ কার্যত ‘পেছন থেকে ছুরিকাঘাতের’ মতো।
‘হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যেকোনো আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করা প্রয়োজন।’
সূত্র: আলজাজিরা
- ১১ ঘণ্টা আগে(১০:৪০)

তেহরানের রাস্তায় ইরানি নিরাপত্তা বাহিনীর এক সদস্য। ছবি : সংগৃহীত
বিশ্লেষণ : ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ, ইরান যুদ্ধ কি সমাপ্তির পথে?
ইরানের বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। ৪০ দিন পর পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক বিরতি হয় সংঘাতের। এরপর কয়েক দফায় শান্তি আলোচনা হলেও আসেনি কোনো সমাধান। তবে, যুদ্ধের ইতি টানতে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল।
এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের স্পষ্ট করেছেন, ‘অপারেশন এপিক ফিউরি’—এর উদ্দেশ্যগুলো অর্জিত হওয়ায় তা সমাপ্ত হয়েছে। ওয়াশিংটন এখন ‘শান্তির পথ’ পছন্দ করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
একই দিনে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার ঘোষণা দেন।
তবে, বুধবার রুবিওর বক্তব্যের সঙ্গে আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক একটি মন্তব্য করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ইরান যদি চুক্তিমতো সবকিছু দিতে রাজি হয়, তাহলে এই এ তাণ্ডব শেষ হয়ে যাবে। অন্যথায়, বোমাবর্ষণ শুরু হবে এবং দুঃখজনকভাবে, তা আগের চেয়ে অনেক বেশি মাত্রা ও তীব্রতায় হবে।’
এ বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও মধ্য এশীয় রাজনীতির অধ্যাপক শাহরাম আকবরজাদেহ আল জাজিরার কাছে দাবি করেছেন, ট্রাম্প ঠিক কী কারণে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছেন তা নির্দিষ্ট করে বলা কঠিন হলেও যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান যুদ্ধবিরোধী জনমতের চাপেই এই স্থগিতাদেশ এসেছে। একইসঙ্গে ট্রাম্প হয়তো এই যুদ্ধ নিয়ে ধৈর্য হারাচ্ছেন।
তার ভাষ্য, প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার ফলে কূটনীতি গতি পাবে, যা যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি চুক্তির কাছাকাছি নিয়ে আসবে। যেটিকে আবার ট্রাম্প একটি জয় হিসেবে আখ্যা দেবেন।
আকবরজাদেহ মনে করেন, প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা ‘যুদ্ধ শেষের সূচনা’ হিসেবে কাজ করতে পারে।
তার মত, ইরানিরাও এর অবসান চায়। ট্রাম্প যদি শান্তির কূটনীতির জন্য সবুজ সংকেত দেন, তাহলে মার্কিন নৌবাহিনী তেহরানের ওপর হামলা পুনরায় শুরু করার সম্ভাবনা খুবই কম।
তবে আকবরজাদেহ এও মনে করেন, এরকম পরিস্থিতি আগেও হয়েছে। আগের সুযোগগুলো নষ্ট হয়েছিল কারণ ইসরায়েল জোর দিয়েছিল যে যুক্তরাষ্ট্র আরও ভালো চুক্তি পেতে পারে। অথবা ট্রাম্প পরিস্থিতি ভুল বুঝেছিলেন এবং আশা করেছিলেন যে সামরিক বিকল্প তাকে আরও বেশি ছাড় এনে দেবে।
এরপর কী হবে, এর পূর্বাভাস দেওয়া কঠিন বলে মনে করেন এ বিশ্লেষক। তবে কোনো পক্ষই পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরতে চায় বলে মনে করেন না তিনি। তাই উভয় পক্ষই কূটনৈতিক সমাধানের পথকে অগ্রাধিকার দেবে বলে মত তার।
আকবরজাদেহ জোর দিয়ে বলেছেন, দুইপক্ষের কেউই পরাজিত হিসেবে পরিচিত হতে চায় না। তারা মনে করে, নিজ নিজ দেশের জনগণের কাছে তাদের ভাবমূর্তি রক্ষা করা প্রয়োজন। এটি শান্তি আলোচনা এবং একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোকে জটিল করে তুলতে পারে।আলজাজিরা থেকে অনূদিত
- ১৩ ঘণ্টা আগে(০৯:২৩)

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েকজন সদস্য। ছবি : আলজাজিরা
দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় চার ইসরায়েলি সেনা আহত
দক্ষিণ লেবাননে একটি বিস্ফোরক ড্রোন হামলায় চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইডিএফ জানিয়েছে, সৈন্যদের মধ্যে একজন গুরুতরভাবে এবং অন্য তিনজন সামান্য আহত হয়েছেন। আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।সূত্র: আলজাজিরা
- ১৪ ঘণ্টা আগে(০৮:০৫)

ব্যর্থ হয়েছে অপারেশন ‘ট্রাস্ট মি ব্রো’: গালিবাফ
ট্রাম্প আচমকা ঘোষণা দিলেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে পার হতে সাহায্য করবে মার্কিন বাহিনী। অভিযানের নাম তিনি দেন প্রজেক্ট ফ্রিডম। সোমবার ঘোষণা দিয়ে শুরু এই অভিযান মঙ্গলবার সন্ধ্যা নাগাদ স্থগিতের ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকেই।
ট্রাম্পের এই অভিযানের ব্যঙ্গ করেছেন তেহরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, অপারেশন ‘ট্রাস্ট মি ব্রো’ ব্যর্থ হয়েছে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযানের ব্যঙ্গ করতেও ভোলেননি তিনি। লিখেছেন, ‘অপারেশন ফক্সিয়াসের পুরনো রুটিনে ফিরেছে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের মধ্যে সামাজিক মাধ্যমে সরব বাকের গালিবাফ। প্রায়ই ব্যঙ্গ করেন ট্রাম্প ও মার্কিন প্রশাসনের। এর আগে ইরানে বিধ্বস্ত মার্কিন বিমানের পাইলটকে উদ্ধার অভিযান সম্পর্কে লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের শুরু করা ‘কৌশলহীন যুদ্ধ’ এখন ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ থেকে নেমে এসে ‘দয়া করে কেউ কি আমাদের পাইলটদের খুঁজে দেবেন?’—এই অবস্থায় পৌঁছেছে। - এক দিন আগে(২১:৫০)
ইসরায়েলি হামলায় গাজা পুলিশ বাহিনীর কর্নেল নিহত
ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তা ও হামাস সূত্র।
চিকিৎসকরা জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার কাছে তার গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর কর্নেল নাসিম আল-কালাজানি নিহত হন। তারা আরও জানান, এই হামলায় আহত হয়েছেন অন্তত আরও ১৭ জন।
হামাস সূত্র জানিয়েছে, খান ইউনিসে মাদকবিরোধী বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন কালাজানি।
রয়টার্স এর আগে জানিয়েছিল, ইসরায়েল গাজায় হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর ওপর হামলা জোরদার করেছে, যেটিকে সশস্ত্র গোষ্ঠীটি গাজায় তাদের নিয়ন্ত্রণ সুসংহত করতে ব্যবহার করে আসছে।
ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে, যেখানে ইসরায়েল প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করেছে ইসরায়েল ও হামাস।
স্থানীয় চিকিৎসকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৮৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে, অন্যদিকে ইসরায়েল বলছে একই সময়ে যোদ্ধারা হত্যা করেছে তাদের চারজন সেনাকে।
ইসরায়েল বলছে, তাদের হামলাগুলো হামাস ও অন্যান্য ফিলিস্তিনি যোদ্ধাদের তাদের বাহিনীর বিরুদ্ধে হামলার চেষ্টা প্রতিহত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৭২ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ। - এক দিন আগে(২০:১২)

ইরান মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, তেহরান ইরানের বিরুদ্ধে দুই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে তাদের মতামত জানাবে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তেহরান কোনো চুক্তিতে সম্মত না হলে যুদ্ধবিরতির আগের সময়ের তুলনায় ‘অনেক বেশি মাত্রা ও তীব্রতায়’ যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলা শুরু করবে।সূত্র: আলজাজিরা
- এক দিন আগে(১৯:৪১)
লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর
দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে আজ বুধবার ভোর থেকে ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের একাধিক দলকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে’ বেসামরিক মানুষকে হত্যা ও আহত করার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে এই হামলা।
হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা তাইবেহ শহরের কেন্দ্রস্থলে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপর ‘আকস্মিক হামলা’ চালিয়েছে। অন্যান্য হামলা হয়েছে বিইয়াদা, হুলা, দেইর সিরিয়ান, কৌজাহ এবং কানতারায় নতুন স্থাপিত একটি কমান্ড সেন্টারে। নাকৌরা শহরের একটি সুইমিংপুলের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপরও ‘আক্রমণাত্মক ড্রোনের ঝাঁক’ ব্যবহার করে চালানো হয়েছে হামলা।
গত মাসে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পরও লড়াই অব্যাহত রয়েছে দক্ষিণ লেবাননে।
বুধবার দক্ষিণ লেবানন ও পশ্চিম বেকা উপত্যকার ১২টি শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
২ মার্চ ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা শুরু করার পর ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে প্রায় ১২ লাখ মানুষ। - এক দিন আগে(১৮:৫৩)
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৪
লেবাননের পূর্বাঞ্চলের পশ্চিম বেকা উপত্যকার জিলায়া গ্রামে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী ও এক বৃদ্ধসহ চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই হামলায় তিন শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছে।
অন্যদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ চালিয়েছে টাইর জেলার আলমা আশ-শাব ও তাইর হারফা এলাকায়।
সংস্থাটি আরও জানিয়েছে, টাইরের দক্ষিণে মাজদাল জুন, বায়ত আল-সাইয়াদ এবং আল-মানসুরির উপকণ্ঠ লক্ষ্য করে হয়েছে ইসরায়েলি গোলাবর্ষণ।
- এক দিন আগে(১৬:৩১)

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও তার ইরানি সমকক্ষ আব্বাস আরাকচি। ফাইল ছবি
আরাকচির সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বুধবার টেলিফোনে কথা বলেছেন তার ইরানি সমকক্ষ আব্বাস আরাকচির সঙ্গে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আলোচনার সময় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া প্রচেষ্টাগুলো নিয়ে কথা বলেছেন তিনি।’
একাধিকবার কূটনৈতিক উপায়ে আঞ্চলিক সংকট সমাধানের আহ্বান জানিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে তারা।
বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পাকিস্তান এবং অন্যান্য দেশের, বিশেষ করে সৌদি আরবের অনুরোধের পর এসেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল, অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং প্রতিবেশী দেশগুলোর বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালায় এবং অবরোধ করে হরমুজ প্রণালি।
৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে তা এখনো রয়েছে অত্যন্ত অস্থিতিশীল অবস্থায়। - এক দিন আগে(১৫:৫৪)

পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম। ফাইল ছবি
একবার হারলে দ্বিতীয়বার সতর্ক হতে হয়, ট্রাম্পকে ইরানি দূতের খোঁচা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিতে তার নতুন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম।
আজ সামাজিকমাধ্যম এক্স-এ মার্কিন সিদ্ধান্তকে ইঙ্গিত করে মোগাদ্দাম ফারসিতে লিখেন, একবার পরাজিত হলে, দ্বিতীয়বার সতর্ক হতে হয় (ইংরেজিতে)।
ইরানি রাষ্ট্রদূত ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেন, যা একবার চেষ্টা করা হয়েছে, তা আবার করার চেষ্টা করলে অনুশোচনায় ভুগতে হবে।
যদিও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানের ‘অনুরোধের ভিত্তিতে’ অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিকমাধ্যম এক্স-এ সাহসী নেতৃত্ব এবং সময়োপযোগী ঘোষণার জন্য ট্রাম্পকে প্রশংসা করে পোস্ট দিয়েছেন।
শরিফ লিখেছেন, এই ঘোষণা উত্তেজনার সময়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পুনর্মিলনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। - এক দিন আগে(১৫:২৪)

গাজায় যুদ্ধবিরতি ঘোষণার দিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী। ছবি : ডন
ট্রাম্পকে প্রশংসায় ভাসিয়ে শাহবাজ শরিফের এক্স পোস্ট
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে সম্ভাব্য নতুন সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিকমাধ্যম এক্স-এ ‘সাহসী নেতৃত্ব এবং সময়োপযোগী’ ঘোষণার জন্য ট্রাম্পকে প্রশংসা করে পোস্ট দিয়েছেন।
শরিফ লিখেছেন, এই ঘোষণা উত্তেজনার সময়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পুনর্মিলনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে এবং সম্প্রতি ইসলামাবাদে দুই পক্ষের একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, সংযম, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করতে পাকিস্তান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। - এক দিন আগে(১৪:০৮)

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি’ চায় ইরান
মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কেবল ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি’ মেনে নেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
আজ বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় হয়েছে ‘ব্যাপক অগ্রগতি’।
বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক শেষে আরাকচি আরও বলেছেন, আলোচনায় আমরা আমাদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করব।
সূত্র: রয়টার্স - এক দিন আগে(১৩:৪২)

২৬ এপ্রিল দক্ষিণ লেবাননের স্থানীয়দের বাড়িঘর ধ্বংস করতে টহল দিচ্ছে একটি ইসরায়েলি সামরিক যান। ছবি : এএফপি
লেবাননের একাধিক শহরের বাসিন্দাদের ঘর ছাড়তে বলল ইসরায়েল
ইসরায়েল দক্ষিণ লেবাননের ১২টি শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য নতুন করে জোরপূর্বক স্থানান্তরের আদেশ জারি করেছে। এছাড়া এসব অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
এলাকাগুলো হলো- কাউথারিয়া আল-সিয়াদ, আল-গুসিনিয়াহ, মাজরাত আল-দাউদিয়াহ, বাদায়াস, রায়হান, জাল্লায়া, আল-বাজুরিয়াহ, হারুফ, হাবুশ, আনসারিয়াহ, কুলাওয়াইয়াহ এবং দাইর আল-জাহরানি।
আইডিএফ স্থানীয় বাসিন্দাদের তাদের বাড়ি থেকে অন্তত ১ কিলোমিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণেই এমনটা করছে তারা। - এক দিন আগে(১৩:১০)

ফাইল ছবি
হরমুজ পাড়ি দেওয়ার সময় ফরাসি জাহাজে হামলা, নিশ্চিত করল কোম্পানি
ফরাসি জাহাজ ও সরবরাহকারী সংস্থা সিএমএ সিজিএম হরমুজ প্রণালিতে আগের একটি হামলায় তাদের জাহাজ লক্ষ্যবস্তু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠনটি আজ নিশ্চিত করেছে, স্থানীয় সময় মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তাদের সান আন্তোনিও নামের জাহাজটি হামলার শিকার হয়েছিল।
কোম্পানিটি আরও জানিয়েছে, এই হামলায় জাহাজের নাবিকরা আহত হয়েছেন এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত ক্রুদের উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। - এক দিন আগে(১২:২৮)

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ফাইল ছবি
চীনের পররাষ্ট্রমন্ত্রী : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘অবৈধ’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধকে অবৈধ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বুধবার বেইজিং-এ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে ওয়াং এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।
তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, ওয়াং বলেছেন যে মধ্যপ্রাচ্য এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। তিনি উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং দুই পক্ষের মধ্যে সরাসরি সংলাপ অপরিহার্য বলে মন্তব্য করেন।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের নিন্দা জানানোর ক্ষেত্রে চীনের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, তেহরান ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা আগের চেয়েও আরও শক্তিশালী হবে। - এক দিন আগে(১২:২৬)

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি : মেহের নিউজ
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাকচির বৈঠক অনুষ্ঠিত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ (বুধবার) বেইজিংয়ে দুই মন্ত্রীর মধ্যে এ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ।
শীর্ষ কর্মকর্তা দুজন অভিন্ন উদ্বেগের বিষয়ে মতবিনিময় করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
আরাঘচির বেইজিং সফরটি এক বৃহত্তর ইরানি কূটনৈতিক তৎপরতার অংশ। যার আওতায় ইতোমধ্যে পাকিস্তান, ওমান, রাশিয়া এবং ইউরোপিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সফরগুলোর মূল লক্ষ্য তেহরান ও ওয়াশিংটনের যুদ্ধ অবসানের চেষ্টা।
আলোচনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি। - এক দিন আগে(১১:১৪)

২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলছেন (ডানে) এবং আজ সকালে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাকচি। ছবি : রয়টার্স
আরাকচির বেইজিং সফর কেন এত গুরুত্বপূর্ণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই চীন সফরে আসছেন। এর মাত্র কয়েক দিন আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এ বৈঠকের ফলাফল নিয়ে ইরান ও চীন উভয়ই উদ্বিগ্ন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এছাড়া মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে সফরের সময়টিও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তারা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রথমবারের মতো চীন সফরে এলেন। সংঘাত শুরুর সময় থেকে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে অন্তত তিনবার কথা বলেছেন।
সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা দাবি করেছে, বেইজিংয়ে আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে দুটি বিষয়; যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া।
ট্রাম্প প্রণালিটি পুনরায় খুলতে ইরানকে আরও চাপ দেওয়ার জন্য বেইজিংকে বলে আসছে। এক্ষেত্রে চীন ওয়াশিংটনকে কোনো ছাড় দিতে ইচ্ছুক কিনা, তা জানতে তেহরান তীক্ষ্ণ দৃষ্টি রাখবে।
অন্যদিকে, চীন তেহরানের কাছ থেকে এই আশ্বাস চাইবে যে পরিস্থিতি আরও উত্তপ্ত করার মতো কোনো পরিকল্পনা যাতে না থাকে।
এর ফলে বেইজিং একটি জটিল কৌশলগত অবস্থানে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যেখানে তাকে একদিকে ইরানের কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখতে হচ্ছে, অন্যদিকে তেহরানের ওপর নিজের প্রভাব বজায় রাখতে হচ্ছে। তার ওপর সব পক্ষকে এই সংকেত দিতে হচ্ছে যে, সে শান্তির একটি নির্ভরযোগ্য অংশীদার।
বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশল কেন্দ্রের গবেষক জোডি ওয়েন মনে করেন, আরাঘচির এই সফরটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলছে, হরমুজ প্রণালীতে নৌকা চলাচল সংকট বিরাজ করছে এবং ট্রাম্প এই মাসের শেষের দিকে চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন।
ওয়েনের দাবি, বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে চীনের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করার লক্ষ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি হচ্ছে বলে মনে হচ্ছে।
তার ভাষ্য, ‘এছাড়াও আমি মনে করি মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে আরাকচি আন্তর্জাতিক বিষয়ে ইরানের জন্য আরও কূটনৈতিক প্রচেষ্টা বা সুযোগ তৈরির চেষ্টা করছেন। সুতরাং, আমি মনে করি চীন ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং হরমুজ প্রণালিকে আগের মতো উন্মুক্ত করে দিতে সর্বাত্মক চেষ্টা করবে।’
বিশেষ করে হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে চীন দুইপক্ষের জন্য একই নীতি গ্রহণ করেছে। বেইজিং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের নিন্দা করার পাশাপাশি হরমুজ বন্ধ রাখায় ইরানের ভূমিকারও সমালোচনা করে আসছে।
সূত্র জানিয়েছে, জলপথটি পুনরায় চালু করতে রাজি হলে বেইজিংয়ের কাছ থেকে কী ধরনের সমর্থন পাবে, তেহরান তা নিশ্চিত করার চেষ্টা করবে।
আলোচনার মধ্যে এটাও থাকবে, মার্কিন অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কারণে কোনো চাপ সৃষ্টি হলে চীন জাতিসংঘে ইরানকে সমর্থন অব্যাহত রাখবে কি না। - ২ দিন আগে(০৯:৪৫)

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত মার্কিন কনস্যুলেট। ফাইল ছবি
পাকিস্তানের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা
কর্মীদের নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে অবস্থিত তার কনস্যুলেট জেনারেল পর্যায়ক্রমে বন্ধ করে দিচ্ছে। প্রদেশটির সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পৃক্ততার দায়িত্ব ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে বলে বিভাগটি জানিয়েছে।
তারা আরও উল্লেখ করেছে যে, করাচি ও লাহোরেও তাদের মিশন রয়েছে।
পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্তটি কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা এবং সম্পদের দক্ষ ব্যবস্থাপনার জন্য নেওয়া হয়েছে।
ঠিক এমন সময় ঘোষণাটি এলো, যখন ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থায়ী চুক্তির জন্য শান্তি আলোচনার মধ্যস্থতায় মূল ভূমিকা পালন করছে। - ২ দিন আগে(০৯:২৮)

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাকচি। ছবি : সংগৃহীত
বেইজিং পৌঁছেছেন আরাকচি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রথমবারের মতো চীন সফরে গিয়েছেন। সংঘাত শুরুর সময় থেকে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে অন্তত তিনবার কথা বলেছেন।
বেইজিংয়ে আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে দুটি বিষয়; যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া।
বিশেষ করে হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে চীন দুইপক্ষের জন্য একই নীতি গ্রহণ করেছে। বেইজিং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের নিন্দা করার পাশাপাশি হরমুজ বন্ধ রাখায় ইরানের ভূমিকারও সমালোচনা করে আসছে।
সূত্র জানিয়েছে, জলপথটি পুনরায় চালু করতে রাজি হলে বেইজিংয়ের কাছ থেকে কী ধরনের সমর্থন পাবে, তেহরান তা নিশ্চিত করার চেষ্টা করবে।
আলোচনার মধ্যে এটাও থাকবে, মার্কিন অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কারণে কোনো চাপ সৃষ্টি হলে চীন জাতিসংঘে ইরানকে সমর্থন অব্যাহত রাখবে কি না।
সূত্র: আলজাজিরা - ২ দিন আগে(০৮:৩৮)

ছবি: ইরনা সংবাদ সংস্থা
ইরানের শপিং কমপ্লেক্সে আগুন, নিহত অন্তত ৮
ইরানের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন, আহত আরও ৩৬। মঙ্গলবার তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের আরঘাভান শপিং সেন্টারে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইরানের বিচার বিভাগীয় সংবাদপত্র মিজান জানিয়েছে, ভবনটির আবরণ দাহ্য হওয়ায় আগুন লেগে যায় শপিং কমপ্লেক্সটি।
আগুনের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের পাশাপাশি প্রপার্টি ডেভেলপার প্রতিষ্ঠানকে শনাক্ত ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছে, দেশটির রেডিও আইআরআইবি জানিয়েছে এ তথ্য। - ২ দিন আগে(০৭:৫১)

ছবি: রয়টার্স
‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প
হরমুজ প্রণালির দুই পাশে আটকে পড়া জাহাজ প্রণালিটি পার করতে মার্কিন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই অভিযান শুরুর একদিন পর তা স্থগিতের ঘোষণা এলো মঙ্গলবার সন্ধ্যায়। তবে ইরানি বন্দরের ওপর চলমান অবরোধ চালু থাকবে বলে জানানো হয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরিত হয় কি না তা দেখতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে।’’ তবে হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।
অভিযান স্থগিতের ঘোষণা আসলেও তেহরান থেকে আসেনি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া। যুদ্ধবিরতির আলোচনায় কী অগ্রগতি হয়েছে এবং ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান কত সময়ের জন্য স্থগিত থাকবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ।এদিকে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণার পরপরই কমেছে তেলের দাম। ট্রাম্পের পোস্টের কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ক্রুডের দাম নেমে গেছে ১০০ ডলার নিচে। এর আগে সোমবার নতুন করে বেড়েছিল তেলের দাম।
সূত্র: রয়টার্স
- ২ দিন আগে(১৩:১৭)

ছবি: রয়টার্স
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালি ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ফের উত্তেজনার মুখে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। সোমবার দাম ৬ শতাংশ বেড়ে ১১৪.৪৪ ডলারে পৌঁছে যায় ব্রেন্ট ক্রুডের দাম। সেটা কিছুটা কমে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১টার দিকে দাঁড়িয়েছে ব্যরেলপ্রতি ১১৩.৫৪ ডলারে। এই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ক্রুড অয়েলের দাম রয়েছে ব্যারেলপ্রতি ১০৪.৩ ডলার।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্র জানায়, ইরানের ছয়টি ছোট ফার্স্ট-বোট ধ্বংস করেছে তারা। তবে ইরান দাবি করে বেসামরিক জাহাজে হামলা হয়েছে এবং এতে নিহত হয়েছে ৫ বেসামরিক। অন্যদিকে হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাতে। দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে বলে জানানো হয়। - ২ দিন আগে(১২:৫৭)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘হরমুজে ঘটনাগুলোই স্পষ্ট করে দিচ্ছে— রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি একথা বলেছেন।
আরাগচি লিখেছেন, ‘পাকিস্তানের চেষ্টায় আলোচনায় এগিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রকে কু-পরামর্শদাতাদের থেকে সতর্ক থাকতে হবে। একইভাবে আমিরাতকেও সতর্ক থাকা উচিত।’
শেষে তিনি লিখেছেন, ‘প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক।’
- ২ দিন আগে(১২:০৯)

প্রতীকী ছবি
ইরানের বন্দরে একাধিক জাহাজে আগুন
ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বন্দরে নোঙর করা বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগেছে। দেশটির আধা সরকারি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে এ তথ্য।
দায়ের বন্দরের দমকল বিভাগের প্রধান মজিদ ওমরানি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকলকর্মীরা। আগুনের কারণ এখনও জানা যায়নি।
- ২ দিন আগে(১০:২৯)

ক্লাস হবে অনলাইনে, হামলার শিকার হয়ে সিদ্ধান্ত নিলো ইউএই
দেশজুড়ে হামলার পর অনলাইন ক্লাসের নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়। এর আগে সোমবার সারাদিন ধরেই দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।
আমিরাত জানিয়েছে, এই হামলায় ফুজাইরাহ জ্বালানি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় আহত হয়েছেন তিনজন ভারতীয় নাগরিক। এটিই দেশটির একমাত্র জ্বালানি কেন্দ্র, যেখানে থেকে হরমুজ প্রণালী ব্যবহার না করে স্থলপথে তেল রপ্তানি করা যায়।
- ৩ দিন আগে(০৯:৫৫)

ছবি: রয়টার্স
সংযুক্ত আরব আমিরাতে হামলার দায় অস্বীকার করেছে ইরান
সংযুক্ত আরব আমিরাতে হামলা ইরান থেকে করা হয়নি বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রচারিত বিবৃতিতে করা হচ্ছে এ দাবি।
সামরিক সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এই তথ্য স্পষ্টভাবে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে হামলা ইরানের ভূখণ্ড থেকে চালানো হয়নি বা সেখান থেকে পরিচালিত হয়নি।
এর আগে সোমবার ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করে সংযুক্ত আরব আমিরাত। ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ঠেকানোর দাবি করেছে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ড্রোন হামলায় ফুজাইরাহ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র আমিরাতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে দেয়। বাকি একটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়ে। এ ছাড়া বেশ কিছু ড্রোন আকাশেই রুখে দেওয়া হয়েছে। - ৩ দিন আগে(০৮:৫৬)
হরমুজ দিয়ে উপসাগরে ঢুকেছে দুই মার্কিন রণতরী
সামরিক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএসবি নিউজ জানিয়েছে, ইরানি হামলা উপেক্ষা করে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে নৌবাহিনীর দুটি রণতরী।
এ সময় ইউএসএস ট্রাক্সটান এবং ইউএসএস মেসন রণতরী দুটি ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ফার্স্ট-বোট হামলার মুখে পড়ে। তবে রণতরী দুটিকে প্রতিরক্ষা দেয় অ্যাপাচি হেলিকপ্টার ও মার্কিন সামরিক বিমান। - ৩ দিন আগে(০৮:৫২)

ছবি: রয়টার্স
হরমুজ প্রণালিতে মার্কিন হামলায় ৫ বেসামরিক নিহত: ইরান
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলার শিকার নৌযানগুলো আইআরজিসি সংশ্লিষ্ট নয় বরং বেসামরিক স্পিডবোট ছিল, এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। পণ্য ও যাত্রীবাহী জাহাজগুলোতে মার্কিন এই হামলা পাঁচ বেসামরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
এর আগে সোমবার মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানায়, সি হক এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে ছয়টি ইরানি নৌকাকে ধ্বংস করা হয়েছে।
তবে ইরানি কর্মকর্তার বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নৌযানগুলো ইরানের সামরিক বাহিনীর নয়। ওমানের উপকূলবর্তী খাসাব থেকে ইরানের উপকূলের দিকে পণ্য ও যাত্রী পরিবহনের সময় দুটি ছোট নৌযান হামলার শিকার হয়েছে। খবর পেয়ে তদন্ত শুরু করেছে ইরানি কর্তৃপক্ষ।
এই তাড়াহুড়ো এবং আনাড়ি আচরণের কারণ আইআরজিসির ফাস্ট-বোট অপারেশন নিয়ে তাদের অতিরিক্ত ভয়, বলেছেন ওই ইরানি কর্মকর্তা।



