লেবাননে ইসরায়েলের বোমাবৃষ্টি, নিন্দা জানিয়ে দায় সারলেন গুতেরেস

বুধবার লেবাননের বৈরুতের তাল্লেত আল খায়াত এলাকায় ইসরায়েলি হামলায় নিহত এক ব্যক্তির মরদেহ ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবন থেকে বের করে আনছেন উদ্ধারকর্মীরা। ছবি : আল জাজিরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও লেবাননজুড়ে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ প্রধানের পক্ষে এ বিবৃতি দেন তার মুখপাত্র স্টিফেন ডুজারিক।
বিবৃতিতে বলা হয়, বুধবার (৮ এপ্রিল) লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক হামলায় শিশুসহ শত শত বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব।
বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান হতাহতের ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। গুতেরেস বলেছেন, লেবাননে চলমান সামরিক অভিযান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য তৈরি করছে একটি বড় ঝুঁকি।
তিনি সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার জন্য আবারও আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই।
পাঁচ সপ্তাহ সংঘাতের পর গতকাল বুধবার ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি হয় যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের এ যুদ্ধবিরতি মেনে নেয় ইসরায়েল। যদিও লেবানন সীমান্তে চলমান অভিযান যুদ্ধবিরতি আওতায় নেই বলে ঘোষণা করে নেতানিয়াহু কার্যালয়।
যুদ্ধ শুরুর পর থেকে বুধবার লেবাননে সবচেয়ে বড় সমন্বিত হামলা করে ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, এতে লক্ষ্যবস্তু করা হয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১০০টিরও বেশি কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনাকে।
বৈরুতে থাকা সিএনএনের টিম লেবাননের রাজধানীতে একাধিক বিমান হামলার দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করেছে বলে নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, ‘বৈরুত, বেকা এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে।’
এসব হামলা ‘মাত্র ১০ মিনিটের মধ্যে বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত হয়েছে’ বলেও জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, ‘যেসব অবকাঠামোতে হামলা চালানো হয়েছে, তার বেশিরভাগই বেসামরিক মানুষের বসবাসের এলাকায় অবস্থিত ছিল। হিজবুল্লাহ তাদের কার্যক্রম রক্ষায় লেবাননের বেসামরিক জনগণকে ব্যবহার করছে মানবঢাল হিসেবে।’
শুধু শেষ ২৪ ঘণ্টায় লেবাননে সাড়াশি হামলা চালিয়ে ৩ শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি বোমাবর্ষণ শুরুর পর থেকে দেশটিতে অন্তত ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩০ জন শিশু রয়েছে। এ ছাড়া হাজারো মানুষ আহত হয়েছে।
তেহরানে হামলার প্রতিবাদে ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়া ইসরায়েলে হামলা চালানোর জেরে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে তেল আবিব।
গতকাল বুধবারের হামলায় হতাহতের ব্যাপকতায় আজ শোক দিবস পালন করছে লেবানন।
সূত্র: আল জাজিরা।



