মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির মুখপাত্র নিহত

ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন।
বাহিনীটি আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর তাসনিম নিউজ এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাসের শেষ মুহূর্তে মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনির শাহাদাত বরণ করেছেন।
আইআরজিসির বিবৃতিতে এ কাপুরুষোচিত হামলার নিন্দা জানানো হয়। এর প্রতিশোধ দ্রুতই নেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছে বাহিনীটি।
নাইনি ২০২৪ সাল থেকে আইআরজিসির মুখপাত্র ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে ইসরায়েল তেহরানসহ কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ বন্দর ও কাশানে হামলা চালিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতাসহ বহু শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে দেড় হাজারের মতো মানুষ নিহত হয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য পরিমাণে নারী ও শিশু রয়েছে।

