পাকিস্তানের বিবৃতি
আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

সংগৃহীত ছবি
আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে দ্বিতীয় দফার এই বৈঠক কবে এবং কোথায় হবে তা চূড়ান্ত হয়নি এখনো।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, শান্তি আলোচনার সফলতার জন্য লেবাননে শান্তি প্রতিষ্ঠা জরুরি।
এর আগে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু করা নিয়ে আলোচনা করতে ১৫ এপ্রিল তেহরান সফরে যান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
মুনির ইরানে যান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে। সেখানে তিনি বৈঠক করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে।
দীর্ঘ ৪০ দিনের লড়াই শেষে ইরান ও যুক্তরাষ্ট্র গত সপ্তাহে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর স্থায়ী চুক্তি করতে বৈঠকে বসে পাকিস্তানে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয় কোনো চুক্তি ছাড়াই।
তবে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে অব্যাহত রয়েছে বার্তা আদান-প্রদান।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনা দুই দিনের মধ্যে আবার শুরু হতে পারে।
সূত্র : আলজাজিরা



