হজের আগে টিকা দিতে ১০ দিন সময় দিল সৌদি

সংগৃহীত ছবি
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজ মৌসুম শুরুর অন্তত ১০ দিন আগে হাজিদের জন্য সুপারিশকৃত টিকা গ্রহণের শেষ সময়সীমা নির্ধারণ করেছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম বার্ষিক সমাবেশটিতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের প্রচেষ্টার অংশ।
মন্ত্রণালয় জানিয়েছে, টিকাদান হলো প্রতিরক্ষার প্রথম ধাপ, যা হাজিদের নিরাপদে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে সহায়তা করে, পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করে এবং ভিড়পূর্ণ পরিবেশে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমায়।
সুপারিশকৃত টিকার মধ্যে রয়েছে মেনিনজোকক্কাল রোগ, কোভিড-১৯ এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা, যেগুলো হজ চলাকালে সংক্রমণ বিস্তার সীমিত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
‘সেহহাতি’ অ্যাপের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের টিকাদান সেবার আওতায় অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। হজ মৌসুমের আগে টিকা গ্রহণ সহজ করা এবং অংশগ্রহণ বাড়ানোর জন্য চালু করা হয়েছে এই ব্যবস্থা।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, চিকিৎসা মূল্যায়নের ভিত্তিতে টিকাগুলো একসঙ্গে অথবা আলাদাভাবে দেওয়া যেতে পারে। তারা উল্লেখ করেছে, এসব টিকা অনুমোদিত নিরাপত্তা মান পূরণ করে এবং গর্ভবতী নারীসহ সব উপযুক্ত গোষ্ঠীর জন্য নিরাপদ হিসেবে বিবেচিত।
সূত্র : গালফ নিউজ



