মার্কিন অবরোধ তুলে নিলে আলোচনায় রাজি ইরান

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ প্রত্যাহার করে নেয়, তবেই নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। বুধবার (২২ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।
ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেছেন, যেকোনো নতুন দফার আলোচনা শুরু করার আগে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে।
‘যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠিত হবে ইসলামাবাদের পরবর্তী দফার আলোচনা। যেকোনো পরিস্থিতির জন্যই পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরান’, স্পষ্ট করেন জাতিসংঘে নিযুক্ত এই শীর্ষ ইরানি কূটনীতিক।
শান্তি ও যুদ্ধ-উভয় পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, কখনোই কোনো সামরিক আগ্রাসনের সূচনাকারী ছিল না ইরান। তারা (যুক্তরাষ্ট্র) যদি রাজনৈতিক সমাধান চায়, তবে আমরা প্রস্তুত। আর যদি তারা যুদ্ধ চায়, ইরান সেটির জন্যও প্রস্তুত।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে। তবে ইরানি বন্দরগুলোতে অব্যাহত থাকবে অবরোধ।
সূত্র : আল জাজিরা।



