আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত

প্রতীকী ছবি
সংযুক্ত আরব আমিরাতে ‘কারিগরি ত্রুটির’ কারণে সোমবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির দুইজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘দেশে দায়িত্ব পালনকালে কারিগরি ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় সশস্ত্র বাহিনীর দুই সদস্য শহীদ হয়েছেন।’
এই দুর্ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন সংযুক্ত আরব আমিরাতের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানের বিরুদ্ধে অভিযানের ১০ দিনে ইরান উপসাগরীয় এই দেশটির দিকে শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, এতে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন এবং এর ফলে অঞ্চলজুড়ে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ শনিবার বলেছেন, আমিরাত এখন ‘যুদ্ধের সময়ের’ মধ্যে রয়েছে এবং এ পরিস্থিতি থেকে তারা ‘আরো শক্তিশালী হয়ে’ বেরিয়ে আসবে।
সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল

