পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত, জামাতাও

বিমানবন্দরে আরাঘচিকে স্বাগত জানাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল পৌঁছেছে পাকিস্তানে। শুক্রবার রাতে তাদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করে। ইসলামাবাদে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও। হোয়াইট হাউস জানিয়েছেন, শনিবার ‘ইরানের সঙ্গে শান্তি আলোচনা করবেন’ তারা। তবে তেহরানের দাবি, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠক হওয়ার পরিকল্পনা নেই।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদে অবতরণের পর ইরানের প্রতিনিধিদলকে স্বাগত জানান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশটির গণমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুসারে, সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন আরাঘচি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, শুক্রবার আরাঘচি রওনা হবেন ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফরের উদ্দেশে। সংবাদ মাধ্যমটি জানায়, ‘এই সফরের উদ্দেশ্য দ্বিপাক্ষিক আলোচনা করা এবং এই অঞ্চলের বর্তমান ঘটনাবলি বিশেষ করে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা।’
পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, শুক্রবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছেছেন তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার ভাষ্য, ‘পাকিস্তানি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের’ সঙ্গে বৈঠক করবেন আরাঘচি। ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠক হওয়ার পরিকল্পনা নেই। ইরানের পর্যবেক্ষণগুলো জানানো হবে পাকিস্তানকে’, যোগ করেন তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পাকিস্তানে আসছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের ভাষ্য, ‘ইরানিরা আলোচনা করতে চায়।’ প্রতিনিধিদলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স না থাকার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার ভাষায়, ভাইস প্রেসিডেন্ট সফরের জন্য প্রস্তুত আছেন। আলোচনা সফল হলে যাবেন তিনি।





