হরমুজ প্রণালীতে জাপানের জাহাজ চলাচলের সুযোগ দেবে ইরান

ফাইল ছবি
পারস্য উপসাগরে হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজগুলোকে চলাচলের সুযোগ দিতে ইরান রাজি বলে জানিয়েছে।
জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানান। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে জাপানের সঙ্গে ইরানের আলোচনা চলছে।
গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে আরাগচি বলেছেন, আমরা প্রণালীটি বন্ধ করিনি, এটি উন্মুক্ত রয়েছে।
তবে তিনি জোর দিয়ে বলেছেন, ‘তেহরান শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়; বরং যুদ্ধের একটি পূর্ণাঙ্গ, সমন্বিত ও স্থায়ী অবসান চায়।’
আরাগচি জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ না করলেও যেসব দেশ ইরানের ওপর হামলায় জড়িত, তাদের জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তবে বর্তমান নিরাপত্তা সংকটের মধ্যেও এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে অন্যান্য দেশের জাহাজ চলাচলে সহায়তার প্রস্তাব দিয়েছে তেহরান।
প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের মতো দেশগুলো যদি তেহরানের সঙ্গে সমন্বয় করে, তবে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান প্রস্তুত বলে জানান আরাগচি।
জাপানের অপরিশোধিত তেল আমদানির ৯০ শতাংশের বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে, যার বড় অংশই এ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালায়। এরপর থেকে ইরান গুরুত্বপূর্ণ এ প্রণালীটি বন্ধ করে দেয়। এই জলপথে এখন পর্যন্ত ১৬টির বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

