লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত

সার্জেন্ট মোশে ইৎজাক হাকোহেন কাটজ
লেবাননে স্থল অভিযানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) রবিবার সকালে এ তথ্য জানায়।
আইডিএফ জানায়, লেবাননে যুদ্ধের মধ্যে সার্জেন্ট মোশে ইৎজাক হাকোহেন কাটজ নিহত হন।
আরও জানানো হয়, ২২ বছর বয়সী এ সেনার জন্ম যুক্তরাষ্ট্রের কানেটিকাটের নিউ হেভেনে। তিনি যে হামলায় নিহত হয়েছেন একই হামলায় আরও তিন সেনা আহত হন।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, কাটজের পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।
কাটজের বাবা মেনডি কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে।
২৮ ফেব্রুয়ারি অপারেশন রোয়ারিং লায়ন শুরু হওয়ার পর থেকে লেবাননে এ পর্যন্ত ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। সেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার মাধ্যমে এ অভিযান শুরু করে।
যুদ্ধের চার সপ্তাহ পার হওয়ার পরও লড়াই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গতকাল শনিবার রাতে ইরান ও হিজবুল্লাহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।
ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স সেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের মতে, এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র : জেরুজালেম পোস্ট

