আগামীর সময়

জ্বালানি তেল ব্যবহার নিয়ন্ত্রণে অ্যাপ চালু করছে পাকিস্তান

জ্বালানি তেল ব্যবহার নিয়ন্ত্রণে অ্যাপ চালু করছে পাকিস্তান

প্রতীকী ছবি

পাকিস্তান সরকার স্বল্পআয়ের জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক ভর্তুকি নিশ্চিত করা এবং জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনার উদ্দেশ্যে দুই ও তিন চাকার যানবাহনের জন্য মোবাইল অ্যাপভিত্তিক জ্বালানি কোটার একটি ব্যবস্থা চূড়ান্ত করেছে। 

দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ডনকে জানান, অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি, অর্থ, পেট্রোলিয়াম এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এই কোটাভিত্তিক ব্যবস্থার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত করেছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এটি ছোট গাড়িতে সম্প্রসারিত হবে নাকি কেবল দুই ও তিন চাকার যানেই সীমাবদ্ধ থাকবে।

এই পরিকল্পনায় একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ‘কোটাভিত্তিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা’ থাকবে, যা মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে।

সরকারি সূত্র জানায়, খুচরা বিক্রেতাদের জন্য একটি বিনামূল্যের প্রি-ইনস্টলড অ্যাপ দেওয়া হবে এবং ভোক্তাদের জন্য থাকবে আলাদা অ্যাপ। প্রতিটি পেট্রোল পাম্পে এই সিস্টেম চালাতে কমপক্ষে দুটি মোবাইল ফোন বাধ্যতামূলক করা হবে।

দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মোবাইল ফোন প্রস্তুতকারকদের সঙ্গে সমন্বয় করে বিশেষায়িত ডিভাইস সরবরাহর পরিকল্পনা করছে। এসব ডিভাইসের প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় ৩৬ হাজার রুপি, আর বাজারমূল্য হতে পারে প্রায় ৭২ হাজার রুপি। পেট্রোল পাম্পগুলোকে এসব ডিভাইস দ্রুত সরবরাহ নিশ্চিত করতে নির্দিষ্ট সরকারি হিসাবে অর্থ জমা দিতে বলা হয়েছে।

প্রতিটি যানবাহনের কোটাকে ব্যবহারকারীর অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে, যেখানে গাড়ির নিবন্ধন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) ব্যবহার করা হবে। কোটার পরিমাণ চূড়ান্ত করবে সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি।

ব্যবহারকারী অ্যাপের মাধ্যমে একটি ডিজিটাল ভাউচার তৈরি করবে, যা বিক্রেতা স্ক্যান বা ইনপুট করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কোটার সীমা যাচাই করবে।

    শেয়ার করুন: