মধ্যপ্রাচ্যে শান্তি উদ্যোগের পুরস্কার
সৌদি আরব থেকে দুই বিলিয়ন ডলার পেল পাকিস্তান

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টার পুরস্কার হিসেবে সৌদি আরবের কাছ থেকে ২ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা পেয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) নিশ্চিত করেছে অর্থ প্রাপ্তির এই তথ্য।
পাকিস্তানের স্টেট ব্যাংক জানিয়েছে, গত ১৫ এপ্রিল তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে এই তহবিলটি। বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর লক্ষ্যে কূটনৈতিক মিশন নিয়ে অবস্থান করছেন সৌদি আরবে।
এর মাত্র একদিন আগে পাকিস্তানকে আরও বড় সুখবর দেয় রিয়াদ। দেশটিকে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার জমা দেওয়ার প্রতিশ্রুতি দেয় মধ্যপ্রাচ্যের দেশটি। সেই সঙ্গে বর্তমানে থাকা ৫ বিলিয়ন ডলারের ঋণের মেয়াদ বাড়ানো হয়েছে আরও তিন বছর, যা ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, এই ৫ বিলিয়ন ডলারের ডিপোজিট এখন আর আগের মতো প্রতিবছর করতে হবে না নবায়ন। বরং এটি দীর্ঘ মেয়াদে থাকবে পাকিস্তানের কাছে।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য উত্তেজনায় পাকিস্তানের অর্থনীতি যখন নড়বড়ে অবস্থায়, তখন সৌদি আরবের এই নগদ সহায়তা ও ঋণের মেয়াদ বৃদ্ধি দেশটিকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করল।
পাকিস্তানের জন্য এই সহায়তা এমন এক সময়ে এলো, যখন দেশটি রয়েছে তীব্র অর্থনৈতিক চাপের মুখে। চলতি মাসেই পাকিস্তানকে শোধ করতে হবে সংযুক্ত আরব আমিরাতের ৩.৫ বিলিয়ন ডলারের একটি ঋণ।
ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে তৈরি হয়েছিল বড় ধরনের টান পড়ার ঝুঁকি। একই সঙ্গে তৈরি হয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লক্ষ্যমাত্রা অর্জনের আশঙ্কাও।
সূত্র : ডন



