ইরান প্রস্তাব মানলেই থামতে পারে যুদ্ধ: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ইরান যদি চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলেই শেষ হতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত। হরমুজ প্রণালিও সবার জন্য উন্মুক্ত হবে আবার। বুধবার বলছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার ভাষ্য, যেসব শর্ত মেনে নেওয়ার কথা তা মেনে নিয়েছে ইরান। প্রতিশ্রুতি রক্ষা করলে সমাপ্তি ঘটবে ‘এপিক ফিউরি’ অভিযানের। অবরোধ তুলে নিয়ে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়া হবে সবার জন্য। এমনকি খুলে দেওয়া হবে ইরানের জন্যও।
তিনি সতর্ক করেছেন, ইরান যদি এতে সম্মত না থাকে তাহলে আবার শুরু হবে বোমা হামলা। আগের তুলনায় আরও বেশি তীব্র হবে তা। মন্তব্যটি নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে প্রকাশ করেন তিনি।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বলছে, যুক্তরাষ্ট্রের হুমকি বন্ধ হলে এবং নতুন কিছু নিয়ম চালু হলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা সম্ভব হবে। সেখানে আটকে পড়া জাহাজগুলো পারাপারে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের অভিযান সাময়িকভাবে স্থগিত করার পর এটিই ছিল ইরানের প্রথম প্রতিক্রিয়া।
তবে নতুন নিয়মগুলো ঠিক কী, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। যদিও ইরানের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয় জাহাজ মালিক ও ক্যাপ্টেনদের। কারণ এই জলপথে চলাচলের সময় ইরানের বিধিনিষেধ মেনে চলেছিলেন তারা।




