ইরানের নতুন প্রস্তাব বিবেচনা করছেন ট্রাম্প

পাম বিচে যাওয়ার জন্য এয়ার ফোর্স ওয়ানে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : আলজাজিরা
স্থায়ী শান্তিচুক্তির জন্য ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে যে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে, তা নিয়ে চিন্তাভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন পোস্ট করেছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, ‘ইরান এইমাত্র আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে, আমি শিগগিরই তা পর্যালোচনা করব। কিন্তু আমি মনে করছি না, এটি মেনে নেওয়া হবে। কারণ গত ৪৭ বছরে মানবতা এবং বিশ্বের প্রতি ইরান যা করেছে, তার জন্য এখনো যথেষ্ট মূল্য পরিশোধ করেনি।’
পোস্টটি করার কিছুক্ষণ আগে ফ্লোরিডায় এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘আমি আপনাদের এ বিষয়ে পরে জানাব।’
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশের পরই ট্রাম্প স্পষ্ট করেন, ‘তারা (ইরান) আমাকে চুক্তির ধারণাটি সম্পর্কে জানিয়েছে। তারা এখন আমাকে এর সুনির্দিষ্ট ভাষা জানাবে।’
এর আগে, শুক্রবার ট্রাম্প মন্তব্য করেছিলেন : ‘সত্যি বলতে, হয়তো কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো। আপনারা কি সত্যিটা জানতে চান? কারণ আমরা এ পরিস্থিতি চলতে দিতে পারি না।’
যদিও ফ্লোরিডায় ট্রাম্প এ মন্তব্য অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমি ওটা বলিনি।’
এ বিষয়ে ট্রাম্প আরও ব্যাখ্যা করেন, ‘আমি বলেছিলাম যে আমরা যদি এখনই যুদ্ধ শেষ করে চলে যাই, তাহলেও তাদের দেশ পুনর্গঠন করতে ২০ বছর সময় লাগবে। কিন্তু আমরা এখনই যুদ্ধ শেষের দিকে যাচ্ছি না।’



