মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি

নিহত লিমন ও বৃষ্টি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।
আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি দেওয়া হবে তাদের।
গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।
কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনে উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা নেবেন মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি।
যুক্তরাষ্ট্রের টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে স্থানীয় সময় আজ বুধবার দুপুর ২টায়। আগামীকাল ঢাকায় পাঠানো হবে তার মরদেহ। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে।
লিমন (২৭) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তিনি স্নাতক করেছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে।
বৃষ্টি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তারা।
ফোন বন্ধ পেয়ে এবং কোনোভাবে যোগাযোগ করতে না পেরে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিবার।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো রঙের কয়েকটি ব্যাগের মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পাওয়া যায়।
এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে আনা হয়েছে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি অভিযোগ।
সূত্র: এবিসি সেভেন



