ট্রাম্পের হুমকি
চুক্তি না হলে ইরানে আবার বোমা হামলা

সংগৃহীত ছবি
বুধবারের মধ্যে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে, যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে আবারো ইরানে বোমা হামলা করা হবে বলেও সতর্ক করেছেন তিনি। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান বিষয়ে কিছু ‘ভালো খবর’ এসেছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যের ইরান পরিস্থিতি যাচ্ছে ভালোর দিকে। এ সপ্তাহেই হতে পারে সরাসরি আলোচনা। তবে জোর দিয়ে বলেছেন তিনি, হয়তো যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না। তবে ইরানি বন্দরগুলোর ওপর আগের মতোই চলবে অবরোধ। দুর্ভাগ্যবশত, সমঝোতা না হলে আবারও ইরানে করা হবে বোমা হামলা।
যদিও শনিবার সকাল পর্যন্ত মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের রাজধানী ইলামাবাদে আলোচনার কোনো প্রস্তুতি দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির এক সূত্র।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হবে বুধবার। এরই মধ্যে শান্তিচুক্তির জন্য পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে দেশ দুটো। এর আগে, পাকিস্তানে সরাসরি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা । তবে সেই বৈঠক শেষ হয় কোনো ধরনের চুক্তি ছাড়াই।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিলিত হামলার মাধ্যমে ইরানের সঙ্গে শুরু হয়েছে যুদ্ধ। এতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ, ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার। একই সঙ্গে আকাশ ছুয়েছে তেলের দাম। যদিও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি আশা জাগিয়েছে চলমান সমস্যা সমাধানের। তবে ট্রাম্পের হুমকি নতুন করে বাড়াতে পারে মধ্যপ্রাচ্যে উত্তেজনা।



