যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বৃষ্টির

নাহিদা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করেছে ফ্লোরিডা রাজ্যের প্রধান আইনপ্রয়োগকারী সংস্থা হিলসবরো কাউন্টি শেরিফ। স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় পাওয়া যায় জামিল লিমনে মরদেহ। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮।
শেরিফের কার্যালয় জানিয়েছে, জামিলের রুমমেট হিশাম আবুগারবিয়েহের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে জামিলের মরদেহ।
লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া নাহিদা বৃষ্টিকে এখনও খুঁজে পায়নি স্থানীয় পুলিশ। এখনও তার সন্ধানে চলছে অভিযান। এ তথ্য নিশ্চিত করেছেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।
এক ফেসবুক পোস্টে লিখেছেন তিনি, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাহিদা বৃষ্টির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেহভাজনকে।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে নিখোঁজ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় পড়ুয়া
দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা বৃষ্টি। তাদের
সন্ধান না পেয়ে ১৭ এপ্রিল কর্তৃপক্ষকে বিষয়টি জানায় এক পারিবারিক বন্ধু। পরে দুটি পৃথক নিখোঁজ ডায়েরি করে তদন্ত শুরু করে কাউন্টি শেরিফ।
নিহত জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি করছিলেন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে। একই বিশ্ববিদ্যালয়ে কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন নিখোঁজ নাহিদা বৃষ্টি।





