ট্রাম্পের দাবি
ইরানের ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি
ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ইস্ট রুমে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। কীভাবে ইউরেনিয়াম সংগ্রহ করা হবে, এমন প্রশ্নের জবাবে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে হয়েছে ভালো আলোচনা। তার মতে, এর ফলে তৈরি হয়েছে যুদ্ধ বন্ধে একটি বড় সমঝোতার সম্ভাবনা।
তার দাবি, চুক্তিতে আগ্রহী ইরান, গুরুত্বের সঙ্গে তারা বিবেচনা করছে মার্কিন প্রস্তাবগুলো। সতর্ক করে তিনি বলেছেন, ইরান এখন রাজি না হলেও, অল্প সময়ের মধ্যেই রাজি হতে বাধ্য হবে।
ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হিসেবে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এবং তাদের মজুদকৃত পরমাণু জ্বালানি সরিয়ে নেওয়ার বিষয়টি তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে তেহরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ট্রাম্পের এ অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে তৈরি করেছে উত্তেজনা।



