হাজার হাজার কর্মীর জন্য স্বেচ্ছা অবসরের ফাঁদ মাইক্রোসফটের

সংগৃহীত ছবি
প্রতিষ্ঠানের আকার ছোট করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি তাদের যুক্তরাষ্ট্রের মোট কর্মীর প্রায় ৭ শতাংশকে দিয়েছে আগাম অবসরের প্রস্তাব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতে বিনিয়োগ বাড়াতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমবারের মতো তারা চালু করেছে এ ধরনের রিটায়ারমেন্ট প্রোগ্রাম। যেসব কর্মীর বয়স এবং চাকরির মেয়াদের যোগফল ৭০ বা তার বেশি, কেবল তারাই নিতে পারবেন এই সুযোগ।
অর্থাৎ সিনিয়র ডিরেক্টর এবং তার নিচের পদের কর্মীরা অংশ নিতে পারবেন এই স্বেচ্ছাসেবী কর্মসূচিতে। আগামী ৭ মে যোগ্য কর্মীদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। নতুন এই আগাম অবসরের ঘোষণার দিনই পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দর পড়ে গেছে প্রায় ৪ শতাংশ।
বর্তমানে মাইক্রোসফটের যুক্তরাষ্ট্র অফিসে রয়েছেন প্রায় ১ লাখ ২৫ হাজার কর্মী। সেই হিসেবে প্রতিষ্ঠানটির প্রস্তাবিত ৭ শতাংশ হারে প্রায় ৮ হাজার ৭৫০ জন কর্মী পড়ছেন এই স্বেচ্ছায় অবসর প্রোগ্রামের আওতায়।
মাইক্রোসফট এআই অবকাঠামো তৈরিতে ব্যয় করছে বিপুল অর্থ। গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ডেটা সেন্টার এবং অবকাঠামো বাবদ প্রতিষ্ঠানটি ব্যায় করেছে ৩৭.৫ বিলিয়ন ডলার।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা গত বছরের এক মেমোতে জানিয়েছিলেন, তাদের এখনকার তিনটি প্রধান অগ্রাধিকার হলো নিরাপত্তা, গুণমান এবং এআই রূপান্তর।
তিনি লিখেছিলেন, এই প্ল্যাটফর্ম পরিবর্তন শুধু আমাদের পণ্য বা ব্যবসার মডেলেই পরিবর্তন আনছে না, বরং আমরা প্রতিদিন কীভাবে কাজ করি এবং আমাদের সাংগঠনিক কাঠামো কেমন হবে তাও বদলে দিচ্ছে।
‘এই রূপান্তর প্রক্রিয়াটি কখনও কখনো অগোছালো মনে হতে পারে, কিন্তু পরিবর্তনের ধরণ এমনই হয়’, ব্যাখ্যা করেন সত্য নাদেলা।
সূত্র: সিএনএন।



