পিট হেগসেথ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়নি

ছবি: রয়টার্স
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়নি বলে মঙ্গলবার মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যদিও পারস্য উপসাগরে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে টানাপড়েনের মধ্যে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।
হেগসেথ জানান, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই জলপথে একটি নিরাপদ পথ নিশ্চিত করতে সফল হয়েছে এবং শত শত বাণিজ্যিক জাহাজ সেখানে অতিক্রমের জন্য সারিবদ্ধ রয়েছে।
তিনি পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জানি ইরানিরা এ ঘটনায় বিব্রত। তারা বলেছিল তারা প্রণালির নিয়ন্ত্রণে আছে। আসলে তারা নেই।’
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ছয়টি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে এবং ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এর একদিন আগে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে অভিযানে হরমুজ প্রণালি দিয়ে আটকে পড়া তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে নৌবাহিনী মোতায়েন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার অভিযানের প্রথম দিনে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের খবর দিয়েছে উপসাগরে থাকা বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ।
জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, সোমবার ওমানে একবার এবং সংযুক্ত আরব আমিরাতে তিনবার হামলা চালিয়েছে ইরান। এরপর তিনি যোগ করেন, অন্তত এখন পর্যন্ত ‘আজ তুলনামূলকভাবে শান্ত’।
কেইনের তথ্য অনুসারে, ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইরান বাণিজ্যিক জাহাজে ৯ বার হামলা চালিয়েছে এবং জব্দ করেছে দুটি কনটেইনার জাহাজ। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর ১০ বারেরও বেশি হামলা চালিয়েছে ইরান।
তবে এই হামলাগুলো ‘এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার সীমার নিচে রয়েছে,’ তিনি সাংবাদিকদের বলেছেন।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো বহাল আছে কি না—এ প্রশ্নে হেগসেথ উত্তর দেন, ‘না, যুদ্ধবিরতি শেষ হয়নি।’
তার ভাষ্য, ‘আমরা বলেছিলাম আমরা প্রতিরক্ষা করব এবং জোরালোভাবে করব এবং আমরা তা করেছি। ইরান তা জানে, এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে পারেন কোনো কিছু যুদ্ধবিরতির লঙ্ঘনে রূপ নেয় কি না।’



