হাসপাতালে নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি, অবস্থা আশঙ্কাজনক

রুডি জুলিয়ানি। ছবি : সংগৃহীত।
নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি জুলিয়ানি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রবিবার রুডির মুখপাত্র টেড গুডম্যান স্যোশাল মিডিয়ার পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগীও।
মুখপাত্র টেড গুডম্যান জানিয়েছেন, জুলিয়ানির অবস্থা বর্তমানে স্থিতিশীল; কিন্তু আশঙ্কাজনক।
তবে জুলিয়ানির বর্তমান শারীরিক অবস্থা বা কেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মুখপাত্র গুডম্যান। তবে গত বছরের শেষের দিকে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।
গুডম্যানের এই বার্তার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন।
সেখানে তিনি লিখেছেন, রুডি জুলিয়ানি একজন সত্যিকারের যোদ্ধা। তিনি নিউ ইয়র্ক সিটির ইতিহাসের সেরা মেয়র। তিনি এখন হাসপাতালে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
৯/১১ হামলার পর নিউ ইয়র্ক সিটিকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলতে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বিশ্ব জুড়ে ‘আমেরিকার মেয়র’ হিসেবে পরিচিতি পান রুডি জুলিয়ানি।
জুলিয়ানির মুখপাত্র গুডম্যান বলেন, মেয়র জুলিয়ানি একজন লড়াকু মানুষ। তিনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ অটুট সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। এখনো তিনি একই শক্তি নিয়ে লড়াই করে যাচ্ছেন।



