আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত: স্টারমার

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় তিনি তার দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তার ভাষ্যে, ‘এটি দুঃখজনক যে কেউ কেউ বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে আমাদের বিভক্ত করার জন্য ব্যবহার করবে। এ কারণেই সরকার যুক্তরাজ্যের ইহুদি, মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করছে, যাতে তারা যথাযথ সহায়তা পায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। ওই অঞ্চলে আটকে পড়া ভীত ব্রিটিশ নাগরিকরা বিভিন্ন সম্প্রদায় থেকে এসেছে।’
‘যে সশস্ত্র বাহিনী তাদের সুরক্ষা দিচ্ছে, তারাও বিভিন্ন পটভূমি থেকে এসেছে’, বলেছেন স্টারমার।
এ ছাড়া তিনি যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের প্রসঙ্গেও কথা বলেছেন, বিশেষ করে তেল ও গ্যাস স্থাপনা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর এর প্রভাব নিয়ে।
তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনো প্রভাব মোকাবিলায় যুক্তরাজ্য সরকার ক্ষতিগ্রস্ত শিল্পখাত এবং মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করবে।
তিনি উল্লেখ করেন, অস্থির বাজারের ওপর নির্ভরতা কমাতে এবং প্রয়োজনীয় ‘জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভরতা’ গড়ে তুলতে যুক্তরাজ্যের সঠিক পরিকল্পনা রয়েছে।

