পুলিশের হাত থেকে তিন ‘চাঁদাবাজ’কে ছিনিয়ে নিল সহযোগীরা

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর থেকে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে আটক তিনজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে কাশিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় ঘটে এ ঘটনা। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের নির্মাণাধীন বাড়িতে চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় অভিযোগ করা হয়েছিল থানায়। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ওই ব্যক্তিদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয় আটকদের।
স্থানীয়রা জানিয়েছেন, ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তি যুবদল নেতা সাব্বির আহমেদ শহীদের লোক। শহীদের নির্দেশনায় তাদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় স্থানীয় মাদক কারবারি ফয়সাল ওরফে ওয়ান পিস ফয়সাল বাহিনীর সদস্যরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলছিলেন, ‘ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে ডেভিড (২৮) ও রাসেল (৩০) নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ অভিযান চালালে তারা নিজেদের “আজাদের লোক” বলে দাবি করে। তারা পুলিশকে জানায়, তারা যে ভ্যানগাড়ি নিয়ে এসেছিল তাতে মালামাল তোলার জন্য তাদের পাঠানো হয়েছিল এবং তারা পারিশ্রমিকের বিনিময়ে শ্রমিক হিসেবে কাজ করছিল।’
তিনি আরও বলেছেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত মঙ্গলাবার নারায়ণগঞ্জ শহরের মাসদাইরের বোয়ালিয়াখাল এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন তিনজন র্যাব সদস্য। এসব ঘটনার পর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।



