নারায়ণগঞ্জে র্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বোয়ালিয়াখাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন, আর গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে মাসদাইর বোয়ালিয়াখাল লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে দুই র্যাব সদস্য স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন মুঠোফোনে জানান, তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে এবং কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
খবর পেয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে র্যাব সদস্যরা হাসপাতালে আহতদের দেখতে যান এবং পরে ঘটনাস্থলে অভিযান চালান। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, হামলায় তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, র্যাব একটি পৃথক সংস্থা হওয়ায় তাদের অভিযানের বিস্তারিত বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। ঘটনাস্থলে র্যাবের পাশাপাশি পুলিশ সদস্যদেরও উপস্থিতি দেখা গেছে।



