শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সংগৃহীত ছবি
বাংলাদেশে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছে চীনের একটি প্রতিনিধিদল।
আজ বুধবার শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেওয়া হয় এ আশ্বাস।
চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জিওং ইউজির নেতৃত্বে বৈঠকে অংশ নেয় প্রতিনিধিদলটি। তারা শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও শিক্ষা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করে।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিশ্ব র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে রয়েছে এবং এ অবস্থানকে আরও উন্নত করতে চায় সরকার।’
‘বর্তমানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে চীনের সঙ্গে সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে’, যোগ করেন মন্ত্রী।
জিওং ইউজি তার ভাষ্যে জানান, ‘আনহুই নরমাল ইউনিভার্সিটি শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণে বিশেষ দক্ষতা অর্জন করেছে।‘ এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



