কওমি মাদরাসার জন্য হচ্ছে সমন্বিত নীতিমালা

সংগৃহীত ছবি
কওমি মাদরাসার জন্য হচ্ছে সমন্বিত নীতিমালা। এই শিক্ষাব্যবস্থাকে জাতীয় মূলধারার সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে সরকার কাজ করছে। আজ রবিবার এমন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এদিন ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনের বৈঠক শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
কওমি শিক্ষার বিভিন্ন স্তরকে সাধারণ শিক্ষার সঙ্গে সমমান নির্ধারণের বিষয়টি দেখা হচ্ছে গুরুত্ব দিয়ে। কোন স্তরটি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা ডিগ্রি পর্যায়ের সমতূল্য হবে, তা নির্ধারণে আলোচনা চলছে, জানালেন মন্ত্রী।
মন্ত্রীর ভাষ্য, কওমি মাদরাসার শিক্ষা কাঠামোকে আরও যুগোপযোগী করতে আনা হবে প্রয়োজনীয় সংস্কার। একই সঙ্গে কারিগরি ও আধুনিক শিক্ষার কিছু উপাদান সংযোজনের বিষয়েও দেওয়া হচ্ছে গুরুত্ব।
তার মতে, সরকার চায় না কোনও শিক্ষাব্যবস্থা আলাদা বা বিচ্ছিন্ন থাকুক। বরং সব ধারার শিক্ষা একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে। এ ছাড়া মাঠ পর্যায় থেকে উঠে আসা সমস্যাগুলো সরাসরি শুনে সরকার নীতিনির্ধারণ করছে। জেলাপ্রশাসকদের দেওয়া প্রস্তাবগুলো তিনি ‘ব্রিলিয়ান্ট’ আখ্যা দিয়ে দ্রুত বাস্তবায়নের দেন আশ্বাস।
অনুষ্ঠানে শিগগিরই প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। জানান, শিক্ষকদের মানোন্নয়নে বাধ্যতামূলক প্রশিক্ষণ ও মূল্যায়নের ব্যবস্থা জোরদার করা হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা হেডমাস্টার নিয়োগের জটও খুলবে দ্রুত।



