স্কুলে পচা খাবার খেয়ে শিশুরা অসুস্থ, আইনি ব্যবস্থার নির্দেশ শিক্ষামন্ত্রীর

ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের পচা খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
একইসঙ্গে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।
সম্প্রতি গণমাধ্যমে ‘স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম: নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে। এরপরই দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার এই সিদ্ধান্ত জানায় সরকার।
ঘটনার পরিপ্রেক্ষিতে মাদারীপুরের জেলা প্রশাসন থেকে গঠন করা হয়েছে পাঁচ সদস্য একটি তদন্ত কমিটি। এছাড়া কেন সরবরাহকারীদের সঙ্গে চুক্তি বাতিল করা হবে না, সে বিষয়ে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।
অন্যদিকে, শিক্ষামন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে। ইতিমধেই চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বিষয়ে তদন্ত করে একটি প্রাথমিক রিপোর্ট দিয়েছেন।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কেবল চুক্তি বাতিল বা কারণ দর্শানোই নয়, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নিরাপদ খাদ্য আইনের অধীনে দোষীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।



