দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। ছবি : আগামীর সময়
কারিগরি শিক্ষা সম্প্রসারণে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘দেশের সব উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করবে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের এক আলোচনা সভায় প্রধান অতিথি এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া এমপি।
পরে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণ বোর্ড থেকে টাকা লুটপাট করেছে বিগত স্বৈরাচার সরকার। ফলে পাওনা টাকা না পেয়ে কষ্টের মধ্যে জীবনের সমাপ্তি টেনেছেন অনেক শিক্ষক। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না অনেকেই। শিক্ষকদের এমন মানবেতর জীবনযাপন থেকে মুক্তি দেয়ার লক্ষ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণ বোর্ড পুনর্গঠন করার পদক্ষেপ নিয়েছে সরকার।’
বিএনপি সরকারকে শিক্ষক বান্ধব সরকার বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘বিএনপি সরকারের আমলে শিক্ষকদের সমস্যাগুলো সমাধান ও সকল সুযোগ সুবিধা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’ ‘দীর্ঘকাল যাবত বন্ধ রয়েছে শিক্ষকদের পদোন্নতি। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শিক্ষকদের পদোন্নতির পরীক্ষা। কিন্তু পরিতাপের বিষয় হলো, আজ সকালে হাইকোর্টে রিট করে বন্ধ করা হয়েছে এ পরীক্ষা। এতে আবারও পিছিয়ে গেলেন শিক্ষকরা,’ যোগ করেন তিনি।



